পটুয়াখালীর আট উপজেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯৫ জন মানুষ। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য অনুযায়ী, জেলায় মোট ১ লাখ ৩২ হাজার ১৬৪টি অর্থনৈতিক ইউনিটের তথ্য পাওয়া গেছে।
তবে জেলায় কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। মোট কর্মরত মানুষের মধ্যে পুরুষের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ এবং নারীর হার ১২ দশমিক ৫২ শতাংশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) কার্যক্রমবিষয়ক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ সময় আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ।
সেমিনারে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি অর্থনৈতিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব এবং বিএসবিআর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আরএস--রাসেল
No comments yet. Be the first to comment!