পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় আজ ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইয়াহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!