ধর্ম

৯২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৪:৩৬ এএম ১৯
৯২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন প্রায় ৩৭ হাজার হজযাত্রী

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ তথ্য জানিয়েছে হজ হেল্প ডেস্ক।

হজ বুলেটিন অনুযায়ী, মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স—তাদের ৪০টি ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয়েছে। এছাড়া Saudi Airlines পরিচালনা করেছে ৩৪টি এবং Flynas পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আবদুল হাই (৬১) মারা যান।

এর আগে, গত ১৮ এপ্রিল হজের আনুষ্ঠানিক ফ্লাইট কার্যক্রম শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। নির্ধারিত সূচি অনুযায়ী, ২১ মে পর্যন্ত হজযাত্রী পরিবহন চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!