ধর্ম

সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১২ জনের

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৫:৩৯ এএম ১৩
সৌদি পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১২ জনের

পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থাপনাতেই যাত্রীরা হজে অংশ নিচ্ছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৮ মে (সৌদি সময়) পর্যন্ত মোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১২৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি গেছেন ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত মেডিকেল সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৯৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৩ হাজার ১১টি সেবা প্রদান করা হয়েছে।

এদিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার শেষ হজ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!