চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আজ সোমবার পর্যন্ত ১৩১টি হজ ফ্লাইটে তাঁরা দেশটিতে যান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়–এর হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, সৌদি সময় ১০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬১টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।
যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক ১৪ হাজার ৮৬৯টি সেবা প্রদান করেছে।
এ বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া ১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে ৩০ জুন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!