চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরবে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, ১৮ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন যাত্রী রয়েছেন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৬টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে।
হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্সে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৮ হাজার ২১০টি সেবা দেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফ্লাইট চলবে ৩০ জুন পর্যন্ত।
এ বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!