ধর্ম

হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

আপডেট: মে ২২, ২০২৬ : ০৪:২৩ এএম
হজের দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ের প্রথম দিন ব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ সময় দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হজ টিমের সদস্যদের সতর্ক করেন তিনি।

বুধবার (২০ মে) সৌদি আরবে পৌঁছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে হজ ব্যবস্থাপনাবিষয়ক এক বিশেষ বৈঠকে অংশ নেন ধর্মমন্ত্রী। জেদ্দার রিজ কার্লটন হোটেলে আয়োজিত ওই বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজবিষয়ক মন্ত্রীরা অংশ নেন।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ হজ ব্যবস্থাপনার প্রস্তুতি ও হজযাত্রীদের সেবার মান উন্নয়নে দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন এবং নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনুমোদিত পরিবহন ব্যবহার ও ভিড় ব্যবস্থাপনা পরিকল্পনা অনুসরণের বিষয়েও জোর দেন তিনি।

হজ ব্যবস্থাপনায় উন্নয়নের জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা সৌদি সরকার, বাদশাহ, প্রধানমন্ত্রী, ক্রাউন প্রিন্স এবং হজ ও ওমরাহমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বৈঠক শেষে ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে সৌদি আরবসহ বিভিন্ন দেশের মন্ত্রী, আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাতে মক্কায় বাংলাদেশ হজ মিশনের অধীনে পরিচালিত মেডিকেল সেন্টার পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। তিনি চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের সঙ্গে কথা বলেন এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় হজ মেডিকেল টিমের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না। কেউ দায়িত্ব পালনের বদলে সৌদি আরবে ঘুরে বেড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!