ধর্ম

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৭ হাজার হাজি

আপডেট: জুন ১৫, ২০২৬ : ০৫:১৯ এএম
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৭ হাজার হাজি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ১৫ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন।

হজ বুলেটিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস জানিয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৫৫৫ জন হজ পালন করেন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫২ জন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এ ছাড়া ১৬ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

সৌদি আরবে বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো ৬৪ হাজার ১৪৯ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। অন্যদিকে আইটি হেল্প ডেস্ক, মক্কা ও মদিনার সেবা কেন্দ্রগুলোর মাধ্যমে ২৭ হাজার ৮৯০ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে।

গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক্-হজ ফ্লাইট পরিচালনা। চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

হজ শেষে গত ৩০ মে শুরু হওয়া ফিরতি ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!