২০২৭ সালে হজ পালনে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে হজে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অংশ নেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ তুলে দেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষর হবে।
রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। আর চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের হজ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!