ধর্ম

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

আপডেট: সেপ্টে ২০, ২০২৬ : ০৬:৩২ এএম
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি কিংবা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় লাখ লাখ মুসলমান জীবন উৎসর্গ করবেন বলেও তিনি মন্তব্য করেন।

আজ শুক্রবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। এই দুই নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পবিত্র আল-হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

তিনি বলেন, ‘প্রয়োজনে লাখ লাখ মুসলিম নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে ইনশাআল্লাহ।’

ধর্মমন্ত্রী আরও বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে বাংলাদেশের জনগণ আপসহীন। বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দেন ধর্মমন্ত্রী।

বিবৃতিতে তিনি পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!