আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আগের সরকারের সময়ে হওয়া চুক্তির বেশ কিছু শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “আইএমএফের সঙ্গে চুক্তিতে বিভিন্ন ধরনের শর্ত রয়েছে। এর মধ্যে অনেকগুলো শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।” তিনি জানান, সংস্থাটির সঙ্গে চলমান আলোচনা আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত চলতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর সঙ্গে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক–এর সঙ্গে ঋণসংক্রান্ত আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও প্রশংসিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো শর্ত গ্রহণ করা হবে না জানিয়ে তিনি বলেন, “জনগণ, অর্থনীতি বা ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”
অর্থমন্ত্রী আরও জানান, কর্মসূচিটির মেয়াদ আরও ছয় থেকে সাত মাস রয়েছে। এরপর নতুন কোনো কর্মসূচিতে যাওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সরকার নিজেই নেবে।
আলোচনার বিস্তারিত প্রকাশে অপারগতা জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়া শেষ হওয়ার আগে এসব বিষয় জনসমক্ষে আনা সম্ভব নয়। একই সঙ্গে আইএমএফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংস্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনেক প্রস্তাবের সামঞ্জস্য রয়েছে। অতীতে অসম্পূর্ণ থাকা সংস্কারগুলো নিজস্ব পদ্ধতিতে সম্পন্ন করার চেষ্টা চলছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জ্বালানির দাম বাড়লেই মূল্যস্ফীতি বাড়বে—এমন সরল সমীকরণ সব সময় প্রযোজ্য নয়। সরবরাহ স্বাভাবিক থাকলে প্রভাব সীমিত রাখা সম্ভব।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!