তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম চলতি মাসে দ্বিতীয় দফায় বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রোববার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।
তবে দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজধানীর খুচরা বাজারে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার টাকায়। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নতুন দর কার্যকর হওয়ার পর খুচরা পর্যায়ে দাম আরও বেড়ে ২ হাজার ২০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
এর আগে চলতি মাসের শুরুতে এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এই মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
খাতসংশ্লিষ্টরা জানান, কোম্পানিগুলো নির্ধারিত দামের সঙ্গে পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে খুচরা বাজারে বিক্রি করে থাকে। সে কারণে বাজারমূল্য প্রায়ই নির্ধারিত দামের চেয়ে বেশি থাকে।
রাজধানীর এক ব্যবসায়ী মো. ইউসুফ বলেন, বর্তমানে বাজারে ১২ কেজির এলপিজি ২ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। নতুন মূল্য কার্যকর হওয়ার পর দাম আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে সরবরাহে কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
এক মাসে দুই দফা দাম বাড়ানোর কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে এলপিজি আমদানিতে ব্যয় বেড়েছে। জাহাজ চলাচলে বিঘ্ন, বিকল্প উৎস থেকে আমদানির বাড়তি সময় ও জ্বালানি খরচ, এবং বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধির ফলে সার্বিক খরচ বেড়েছে।
এই পরিস্থিতিতে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!