অর্থনীতি

খাল খনন দ্রুত শেষ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

আপডেট: এপ্রি ২১, ২০২৬ : ০৫:১৪ এএম
খাল খনন দ্রুত শেষ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় থাকা খালগুলোর খনন কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, খাল খনন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি—এ কাজে কোনো ধরনের ধীরগতি গ্রহণযোগ্য নয়।

সোমবার সিলেট সার্কিট হাউসে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যেসব খাল খননের তালিকা থেকে বাদ পড়েছে, সেগুলোও বরাদ্দের আওতায় এনে দ্রুত খননের উদ্যোগ নিতে হবে। খাল খননের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে নেওয়া উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব প্রকল্প সময়মতো শেষ করতে হবে। তিনি বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং সমন্বিতভাবে কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলার ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এদিন সকালে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

মতবিনিময় সভায় সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!