বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা কারসাজি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বাড়ানো বা সরবরাহে কৃত্রিম ঘাটতি তৈরি করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের আমদানি পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে।
সয়াবিন তেলের সরবরাহ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি সরকারের নজরে আছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনোভাবেই অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট গ্রহণযোগ্য নয়। বাজারে স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ব্যবসায়ীদের উদ্দেশে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জল্পনা-কল্পনার (স্পেকুলেশন) মাধ্যমে বাজারকে প্রভাবিত করার সুযোগ নেই। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রকৃত প্রভাব বিবেচনায় নিয়েই পণ্যের দাম নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে সরকার একটি টেকসই মূল্য নির্ধারণ পদ্ধতির দিকে এগোচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!