অর্থনীতি

আয়ারল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ডেবিট কার্ড ব্যয়

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৫:৫৩ এএম
আয়ারল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ডেবিট কার্ড ব্যয়

বিদেশে ভ্রমণ ও লেনদেনে বাংলাদেশিদের ব্যয়ের ধরনে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে ইউরোপের দেশ আয়ারল্যান্ডে হঠাৎ করেই ডেবিট কার্ড ব্যবহারে ব্যয় বেড়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা ডেবিট কার্ড ব্যবহার করে আয়ারল্যান্ডে প্রায় ৩০ কোটি টাকা খরচ করেছেন। বিদেশে ডেবিট কার্ড ব্যয়ের তালিকায় এরপর রয়েছে সৌদি আরব (২৮ কোটি ৭০ লাখ টাকা), যুক্তরাষ্ট্র (২৮ কোটি টাকা), ভারত (২৪ কোটি টাকা) এবং যুক্তরাজ্য (২০ কোটি ৫০ লাখ টাকা)।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের শুরুতে আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার টিউশন ফি পরিশোধসহ বিভিন্ন শিক্ষাসংক্রান্ত খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ডেবিট কার্ড ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভ্রমণ ব্যয়ও এতে যুক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ক্রেডিট কার্ড লেনদেন সংক্রান্ত প্রতিবেদনে দেশে ও বিদেশে কার্ড ব্যবহারের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। বর্তমানে দেশে ৫৬টি তফসিলি ব্যাংক ও ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থাকলেও এর মধ্যে ৪৮টি ব্যাংক এবং একটি এনবিএফআই ক্রেডিট কার্ড সেবা দিচ্ছে।

প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে দেশে-বিদেশে কার্ড ব্যবহার কমেছে। ফেব্রুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা মোট ৩৭৭ কোটি টাকা খরচ করেছেন, যা জানুয়ারির ৪৬৩ কোটি টাকার তুলনায় ১৮ দশমিক ৫৫ শতাংশ কম।

বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট ব্যয়ের ১৪ শতাংশ খরচ হয়েছে। এর পরের অবস্থানে থাইল্যান্ড (১৩ শতাংশ), সিঙ্গাপুর (৮ শতাংশ), যুক্তরাজ্য (৮ শতাংশ) এবং সৌদি আরব (৭ শতাংশ) রয়েছে।

অন্যদিকে, ডেবিট ও প্রিপেইড কার্ডের লেনদেনও কমেছে। ফেব্রুয়ারিতে বিদেশে ডেবিট কার্ডে ২৭৯ কোটি টাকা ব্যয় হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৩৫৬ কোটি টাকা। প্রিপেইড কার্ডে ফেব্রুয়ারিতে লেনদেন হয়েছে ৪০ কোটি টাকা, জানুয়ারিতে যা ছিল ৫৩ কোটি টাকা।

সব ধরনের কার্ড মিলিয়ে ফেব্রুয়ারিতে মোট লেনদেন হয়েছে ৬৯৬ কোটি টাকা, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৮৭৩ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২০ শতাংশ।

দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল স্টোর, ইউটিলিটি বিল পরিশোধ, খুচরা কেনাকাটা, নগদ উত্তোলন, পোশাক, ওষুধ, অর্থ স্থানান্তর, পরিবহন ও সরকারি সেবায় ব্যয় বেশি হয়েছে। অধিকাংশ খাতেই ফেব্রুয়ারিতে ব্যয় কমেছে।

কার্ডভিত্তিক লেনদেনে ভিসা কার্ডের আধিপত্য সবচেয়ে বেশি। মোট লেনদেনের প্রায় ৭৩ শতাংশ হয়েছে ভিসা কার্ডে, ১৭ শতাংশ মাস্টারকার্ড এবং ১০ শতাংশ আমেরিকান এক্সপ্রেস (এমেক্স) কার্ডে সম্পন্ন হয়েছে।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!