অর্থনীতি

শেয়ারবাজারে দরবৃদ্ধি, লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা

আপডেট: এপ্রি ২২, ২০২৬ : ০৫:৫৮ এএম
শেয়ারবাজারে দরবৃদ্ধি, লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে সব মূল্যসূচক ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে লেনদেনও বেড়ে সাত কার্যদিবস পর আবার ৯০০ কোটি টাকার ঘরে ফিরেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বাড়তে থাকে এবং এই ধারা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৫টির দর বেড়েছে, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর।

অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধির ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানির সূচক ডিএস-৩০ চার পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে মোট ৯২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৫৩ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে। সেখানে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দর বেড়েছে, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

চট্টগ্রাম বাজারে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ, যা আগের দিনের তুলনায় কিছুটা কম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!