অর্থনীতি

সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:১১ এএম
সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, পরিধি ও কার্যকারিতা বাড়াতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় ধাপের আওতায় এই অর্থায়ন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ কর্মসূচির লক্ষ্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করা এবং দারিদ্র্যের ঝুঁকি কমানো।

এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা উন্নত করা, এর আওতা বাড়ানো এবং কার্যকারিতা শক্তিশালী করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জন্য সহায়তা সম্প্রসারণ এবং অবদানভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে এই সংস্কার দারিদ্র্য হ্রাস ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

কর্মসূচির আওতায় অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হবে, যা দীর্ঘমেয়াদে সরকারের রাজস্ব চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিধবা ভাতা কর্মসূচির আওতায় আরও অন্তত ২ লাখ ৫০ হাজার নারীকে অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া জলবায়ু-সহনশীল সামাজিক সুরক্ষা জোরদারে কর্মভিত্তিক কর্মসূচি নেওয়া হবে। নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার বাড়াতে বাংলাদেশ ব্যাংক–এর লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন স্কিম ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানো, নারী শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ইতিবাচক প্রভাব সামষ্টিক অর্থনীতিতেও প্রতিফলিত হতে পারে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক একটি বহুপাক্ষিক উন্নয়ন সংস্থা, যার ৬৯টি সদস্য দেশ রয়েছে। সংস্থাটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করে আসছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!