অর্থনীতি

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:৩৫ এএম
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হলেও সরকার চেষ্টা করছে এর চাপ যেন সরাসরি জনগণের ওপর না পড়ে।

শুক্রবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যেখানে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম এখনো কম। ‘আমরা সতর্কভাবে মূল্য সমন্বয় করেছি, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে,’—বলেন তিনি।

তিনি আরও বলেন, ডিজেলের মূল্য ১৫ শতাংশ বাড়ার ফলে পরিবহন খরচে সীমিত প্রভাব পড়বে। উদাহরণ দিয়ে তিনি জানান, একটি ট্রাক ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করলে প্রতি কেজি পণ্যে প্রায় ৩০ পয়সা পর্যন্ত খরচ বাড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলবে না।

এদিন সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ এলাকায় বাসিয়া খাল পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, ৪০ কিলোমিটার দীর্ঘ এই খালের মধ্যে ২৩ কিলোমিটার পুনঃখনন করা হবে। প্রকল্পটি সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত হবে।

মন্ত্রী বলেন, এ খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে। আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের উদ্বোধন করবেন।

সিলেটে লোডশেডিং বৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু অব্যবস্থাপনা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর হওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। দেশে উৎপাদিত গ্যাসের পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা রয়েছে, তবে বিভিন্ন কারণে চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, এসব সমস্যার সমাধানে সরকার কাজ করছে এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

খাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!