দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন হিসাবে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারেও।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা বিক্রির ঘোষণা দিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!