রপ্তানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ার প্রভাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে দেশের পণ্য বাণিজ্যে বড় ঘাটতি তৈরি হয়েছে। এ সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে প্রায় ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বৈদেশিক লেনদেন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই–মার্চ সময়ে দেশের পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ২৪ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম নয় মাসে দেশে আমদানি হয়েছে ৫১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪৯ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
অন্যদিকে একই সময়ে রপ্তানি আয় হয়েছে ৩২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। একই সময়ে রপ্তানি আয় কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি আরও বিস্তৃত হয়েছে।
তবে চলতি হিসাবের ভারসাম্যে (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। মার্চ শেষে এ ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৭ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সামগ্রিক লেনদেন ভারসাম্য বা ওভারঅল ব্যালান্স ইতিবাচক অবস্থানে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ সূচকে উদ্বৃত্ত হয়েছে ৩ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যেখানে ১ দশমিক ১০ বিলিয়ন ডলারের ঘাটতি ছিল।
এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
তবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) কিছুটা কমতি দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দেশে এসেছে প্রায় ১ বিলিয়ন ডলারের এফডিআই, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
একই সঙ্গে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগও নেতিবাচক ধারায় রয়েছে। আলোচিত সময়ে বিদেশি বিনিয়োগকারীরা নিট হিসাবে ১০ কোটি ৭০ লাখ ডলার তুলে নিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!