অর্থনীতি

সবজির বাজারে অস্বস্তি, বেশির ভাগের কেজি ৮০ থেকে ১০০ টাকা

আপডেট: মে ০৮, ২০২৬ : ০৫:০১ এএম
সবজির বাজারে অস্বস্তি, বেশির ভাগের কেজি ৮০ থেকে ১০০ টাকা

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। কয়েক দিনের বৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মৌসুম শেষ হওয়ায় কিছু সবজির সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম চড়া রয়েছে। অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি দামের তালিকায় রয়েছে কাঁকরোল, শসা ও বেগুন। এসব সবজি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, দেশি শসা ১২০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া করলা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা ও চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে ধুন্দল প্রতি কেজি ১০০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, লাউ প্রতিটি ৭০ টাকা এবং জালি কুমড়া প্রতিটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা, পেঁপে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, বাজারে এখন ৮০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই। সাধারণ মানুষের জন্য এ দামে সবজি কেনা কঠিন হয়ে পড়েছে। কিছুদিন আগেও পেঁপের দাম তুলনামূলক কম ছিল, এখন সেটিও বাড়তি দামে বিক্রি হচ্ছে।

সবজির দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে কৃষকের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়েছে। এতে পাইকারি বাজার থেকেই সবজি বেশি দামে কিনতে হচ্ছে।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা চাঁদ মিয়া বলেন, কয়েক দিন ধরেই সবজির বাজার চড়া। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। দাম বাড়ায় ক্রেতারাও আগের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন। আগে যেখানে একজন ক্রেতা এক কেজি সবজি কিনতেন, এখন তিনি আধা কেজি করে কিনছেন।

তিনি আরও বলেন, নতুন মৌসুমের সবজি বাজারে এলে সরবরাহ বাড়বে এবং তখন দাম কিছুটা কমতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!