আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে জাল নোটের কারবার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বিভিন্ন পশুর হাটে নোট যাচাই বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদিত পশুর হাটগুলোতে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে নোট যাচাই কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ জন্য অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত বুথে বিনা মূল্যে জাল নোট শনাক্তকরণ ও টাকা গণনার সেবা দেওয়া হবে। প্রতিটি বুথে দ্রুত ও নির্ভুলভাবে টাকা গণনার জন্য নোট কাউন্টিং মেশিন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, বুথগুলোতে দৃশ্যমান স্থানে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ লেখা ব্যানার টানাতে হবে, যাতে ক্রেতা ও বিক্রেতারা সহজেই সেবা নিতে পারেন।
পুরো কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ব্যাংকের শাখাগুলোতে থাকা টিভি মনিটরে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিও ব্যাংকিং সময়জুড়ে প্রচার করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো বুথে জাল নোট শনাক্ত হলে ২০০৭ সালের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে জাল নোট বাজেয়াপ্ত করা হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।
সার্কুলারে দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি ঈদুল আজহার পর ৩০ কর্মদিবসের মধ্যে পুরো কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!