আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও ঈদের আগেই প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণ অর্থ পাঠাতে শুরু করেছেন।
বাংলাদেশ ব্যাংক–এর তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ৯ দিনে বৈধ পথে দেশে এসেছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৩০ কোটি ৯৭ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে।
গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ১৯ দশমিক ১ শতাংশ বেশি। মে মাসে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স দেশে এসেছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির কারণে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। পাশাপাশি ঈদুল আজহাকে কেন্দ্র করে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!