অর্থনীতি

ফের কমলো সোনার দাম

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৫:০০ এএম
ফের কমলো সোনার দাম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

আজ শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এর আগের দিন এই দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা এখন ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ওঠানামার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে। বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে সোনার দাম ওঠানামার প্রবণতা দেখা যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!