বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের বাজেটে দীর্ঘদিন ধরে শ্রমিকরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। আসন্ন বাজেটে এই বৈষম্যের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘শ্রমিকের বাজেট ভাবনা’ শীর্ষক প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিটি বাজেটে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষিত হয়েছে। শ্রমিকদের মতামত না নিয়ে বাজেট প্রণয়ন করা হয় এবং শ্রমকল্যাণ খাতে বরাদ্দও অত্যন্ত কম রাখা হয়।
তিনি বলেন, বাজেট শুধু প্রশাসনের নয়, এটি শ্রমজীবী মানুষের সঙ্গেও একটি অর্থনৈতিক চুক্তি। তাই বাজেট প্রণয়নে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
শ্রমিকদের মর্যাদা প্রসঙ্গে তিনি ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ইসলাম শ্রম ও শ্রমিককে সর্বোচ্চ সম্মান দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের পরিশ্রমে রুক্ষ হয়ে যাওয়া হাতকে সম্মান জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন লস্কর মো. তসলিম। এতে আরও বক্তব্য দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ৫৪ বছরেও বাজেটে শ্রমিকদের জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত হয়নি। তারা দাবি করেন, আগামী বাজেটে শ্রম মন্ত্রণালয়ের জন্য অন্তত ১০ শতাংশ বরাদ্দ রাখা উচিত।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও তারা এখনো ন্যায্য সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থার পরিবর্তনে একটি বৈষম্যহীন বাজেট প্রণয়নের আহ্বান জানান তারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!