অর্থনীতি

৬ ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আপডেট: মে ১৯, ২০২৬ : ০৫:৩৮ এএম
৬ ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি (১০০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এই ডলার কেনা হয়। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি অর্থবছর (২০২৫-২৬) এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫৯৮ কোটি মার্কিন ডলার কেনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডলারের দাম অতিরিক্ত কমে গেলে রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরণকারীরা নিরুৎসাহিত হতে পারেন। সে কারণে বাজারে একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখতেই এই ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, বাজারে ডলারের এই ক্রয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা শক্তিশালী করবে। একই সঙ্গে তারা বলছেন, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানো জরুরি।

বাজার বিশ্লেষকদের মতে, মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ডলার কেনায় স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ সম্ভব হচ্ছে, যা ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!