অর্থনীতি

ছয় বিলিয়নের বেশি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: মে ২০, ২০২৬ : ০৬:০৮ এএম
ছয় বিলিয়নের বেশি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দেশে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হওয়ায় বাজারের ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় অঙ্কের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৯ মে) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনে কেন্দ্রীয় ব্যাংক। ওইদিন ডলারের এক্সচেঞ্জ রেট ও কাট-অফ রেট ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে মোট ৬০৬ কোটি মার্কিন ডলার বা ৬.০৬ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে শুধু মে মাসেই কেনা হয়েছে ৩৯ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে বর্তমানে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। এ অবস্থায় দর অস্বাভাবিকভাবে কমে যাওয়া ঠেকাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে। একই সঙ্গে এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২২ সালে দেশে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। ওই সময় প্রতি ডলারের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছায়। বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু হলে বৈদেশিক মুদ্রার মজুতেও চাপ তৈরি হয়।

গত তিন অর্থবছরে বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৭.৬ বিলিয়ন ডলার, ২০২২-২৩ অর্থবছরে ১৩.৫ বিলিয়ন ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে ১২.৭৯ বিলিয়ন ডলার বিক্রি করা হয়। বিপরীতে একই সময়ে ব্যাংকগুলোর কাছ থেকে কেনা হয়েছিল প্রায় ১ বিলিয়ন ডলার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!