দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। টানা তিন দফা সমন্বয়ের পর এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বুধবার (২০ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সর্বশেষ সমন্বয়ের পর সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এর আগে এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারিত রয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। বৈশ্বিক অস্থিরতা ও চাহিদার পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে ওঠানামা দেখা যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!