অর্থনীতি

চামড়া সংরক্ষণে সচেতনতার ঘাটতিতে অনেকেই ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী

আপডেট: জুন ০১, ২০২৬ : ০৭:৩৫ এএম
চামড়া সংরক্ষণে সচেতনতার ঘাটতিতে অনেকেই ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাব থাকায় অনেক ক্ষেত্রে বিক্রেতারা সরকার নির্ধারিত দাম পাননি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, যথাযথভাবে সংরক্ষণ না করায় অনেক চামড়ার মান নষ্ট হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারদরে।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সংরক্ষণ না হওয়ায় চামড়ার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হয়নি।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকার যে মূল্য নির্ধারণ করে, তা মূলত সঠিকভাবে সংরক্ষিত ও লবণযুক্ত চামড়ার জন্য প্রযোজ্য। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কোরবানির পর অনেকেই চামড়া দান করে দেন এবং তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, চামড়া সংরক্ষণে উৎসাহ দিতে সরকার এ বছর বিনা মূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও কিছু এলাকায় সচেতনতার অভাব ও অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

চামড়া শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোরবানির পশুর চামড়া দেশের চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থা আরও উন্নত করতে হবে।

তিনি বলেন, মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে চামড়ার অপচয় কমানো সম্ভব হবে।

এ সময় আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নতুন বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!