অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৫:৫৮ এএম
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।

বন্দর সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের অক্টোবরে এক মাসে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল। নতুন রেকর্ডে সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে এনসিটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সিডিডিএল বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে এনসিটি পরিচালনা করছে। মে মাসে হ্যান্ডলিং হওয়া কনটেইনারের মধ্যে আমদানি পণ্য ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি পণ্য ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। সব মিলিয়ে মাসজুড়ে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। দৈনিক গড়ে হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার।

চট্টগ্রাম বন্দরের প্রধান জনবল কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ২০২৫ সালের ৭ জুলাই এনসিটির পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল টার্মিনালের কার্যক্রমে গতি এনেছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিঅ্যান্ডএফ শেড এবং বিভিন্ন প্রবেশ ও বহির্গমন গেটে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সমন্বিত তৎপরতায় কনটেইনার খালাস ও লোডিং কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হয়েছে।

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল হলো এনসিটি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ টার্মিনালে একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। চারটি জেটি-সমৃদ্ধ এই টার্মিনালের মাধ্যমে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেক সম্পন্ন হয়।

টার্মিনালটিতে রয়েছে উন্নত প্রযুক্তিনির্ভর ইয়ার্ড সুবিধা। কনটেইনার ওঠানামার জন্য ব্যবহৃত হয় বন্দরের মালিকানাধীন ১৪টি গ্যান্ট্রি ক্রেন। এ ছাড়া কনটেইনার স্থানান্তরের প্রয়োজনীয় অন্যান্য আধুনিক যন্ত্রপাতিও রয়েছে সেখানে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিনিয়োগে গড়ে ওঠা এনসিটি দীর্ঘদিন বেসরকারি অপারেটরের মাধ্যমে পরিচালিত হয়। ২০২৫ সালের জুলাই থেকে এর পরিচালনার দায়িত্ব পায় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!