দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের ৫৫ টাকা কম গুনতে হবে।
মঙ্গলবার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি জানায়, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি আরামকোর নির্ধারিত আন্তর্জাতিক মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।
এ ছাড়া ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৬৪ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৯৬৩ টাকা, ১৫ কেজির ২ হাজার ৩৫৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৫১৩ টাকা এবং ১৮ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮২৭ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ১৪১ টাকা, ২২ কেজির ৩ হাজার ৪৫৫ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৯২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৭১২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ১৮৩ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৪৯৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার ৬৮ টাকায় বিক্রি হবে।
অন্যদিকে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
তবে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারি এলপিজির ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা রয়েছে।
বিইআরসি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে প্রতি টন প্রোপেনের মূল্য ৭৬০ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৮২০ মার্কিন ডলার নির্ধারণের ভিত্তিতে দেশের বাজারে নতুন মূল্যহার কার্যকর করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!