অর্থনীতি

১১ মাসে রেমিট্যান্স এলো ৩৩.২৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি

আপডেট: জুন ০৫, ২০২৬ : ০৬:১৩ এএম
১১ মাসে রেমিট্যান্স এলো ৩৩.২৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ৩ হাজার ৩২৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮১১ কোটি ডলার।

শুধু ৩ জুন এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ৬৩ লাখ ডলার। জুন মাসের প্রথম তিন দিনে মোট রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ৩০ লাখ ডলার। তবে গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৬০ কোটি ৩৫ লাখ ডলার।

অর্থনীতিবিদেরা বলছেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আমদানি ব্যয় পরিশোধ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তাঁদের মতে, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রণোদনা, প্রবাসী আয়ের ওপর নগদ সহায়তা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় প্রবাসীরা এখন আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে হুন্ডির পরিবর্তে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, অর্থবছরের শেষ মাসেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় অব্যাহত থাকলে চলতি অর্থবছরে প্রবাসী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!