অর্থনীতি

ঘুষ নিয়ে মন্তব্যের জেরে কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেট: জুন ০৬, ২০২৬ : ০৬:৫০ এএম
ঘুষ নিয়ে মন্তব্যের জেরে কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কর্মস্থলে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণে কর্মরত ছিলেন। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা গত ৪ জুনের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কর্মস্থলে দুর্নীতি–সংক্রান্ত বক্তব্য ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এনবিআরের আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের দুর্নীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে প্রকাশ্যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্তের জন্য বিভাগীয় কার্যধারা শুরু করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মো. সিরাজুল ইসলামকে ঘুষ গ্রহণ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, কাউকে বাধ্য করে নয়, স্বেচ্ছায় কেউ কিছু দিলে তা গ্রহণ করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়ে। পরে ভিডিওটি সংশ্লিষ্ট পেজ থেকে সরিয়ে ফেলা হয়।

এদিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!