বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, দেশের পুঁজিবাজার বর্তমানে একটি কঠিন সময় পার করছে। বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দায়িত্ব গ্রহণের এক দিন পর শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। মাসুদ খান বলেন, বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যেমন সম্মানের, তেমনি এটি বড় দায়িত্বও। তিনি উল্লেখ করেন, সামনে যে কঠিন পথ রয়েছে, সে সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন।
গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করা সহজ কাজ নয়। বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি বাজারকে আরও গভীর ও টেকসই করতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ভালো কোম্পানিকে বাজারে আনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ আকর্ষণ এবং সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মাসুদ খান জানান, দীর্ঘ করপোরেট জীবনের পর এ দায়িত্ব গ্রহণ করতে গিয়ে তাঁকে ব্যক্তিগত ও আর্থিক কিছু সুবিধা ছাড়তে হয়েছে। তবে জনস্বার্থে কাজ করার সুযোগ হিসেবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।
নতুন চেয়ারম্যান বলেন, বাজার উন্নয়নে নিয়ন্ত্রণ ও সরলীকরণের মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাঁর নীতি হবে, ‘যেখানে প্রয়োজন সেখানে নিয়ন্ত্রণ, আর যেখানে সম্ভব সেখানে সরলীকরণ।’
তিনি আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। বিনিয়োগকারী, তালিকাভুক্ত কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা, নীতিনির্ধারক, পেশাজীবী সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি পুঁজিবাজার–সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!