অর্থনীতি

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

আপডেট: জুন ০৭, ২০২৬ : ০৫:১৩ এএম
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। হরমুজ প্রণালিতে তাৎক্ষণিক সরবরাহঝুঁকি কিছুটা কমে আসার মূল্যায়নে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

শনিবার সকালে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।

জ্বালানি বাজারবিষয়ক ওয়েবসাইট অয়েলপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, বেইজিং সময় সকাল সাড়ে ১০টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। এতে তেলের দাম প্রায় ২ দশমিক শূন্য ৪ শতাংশ হ্রাস পায়।

একই সময়ে মুরবান অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৮২ ডলার কমে ৯০ দশমিক ৬৮ ডলারে নেমে আসে, যা শতাংশের হিসাবে ৩ দশমিক শূন্য ২ শতাংশ কম।

অন্যান্য প্রধান বেঞ্চমার্কেও দরপতন হয়েছে। ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স ক্রুডের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে। তবে ডিজেলের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে তাৎক্ষণিক সামরিক ঝুঁকি কমে আসার ইঙ্গিত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে অঞ্চলটির যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।

চলতি বছরের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র আকার ধারণ করার পর হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হয়। এতে বিশ্ববাজারে সরবরাহসংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই উদ্বেগ কিছুটা কমায় তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সূত্র: গালফ নিউজ

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!