দেশে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার আবারও বেড়েছে। চলতি বছরের মে মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।
রোববার (৭ জুন) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। সে তুলনায় চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি।
প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৯ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ০৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।
বিবিএস জানায়, দেশের ৬৪টি জেলার তথ্যের ভিত্তিতে মে মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রস্তুত করা হয়েছে। গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ তুলনামূলক বেশি ছিল। মে মাসে গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে পৌঁছেছে, যা এপ্রিল মাসে ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। একই সময়ে গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ২৩ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৯৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮১ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৯৮ শতাংশ হয়েছে।
অন্যদিকে, শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার এপ্রিলের ৯ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে মে মাসে ৯ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। তবে এ হার গত বছরের মে মাসের ৯ দশমিক ৫০ শতাংশের তুলনায় কম। শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ২৯ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৫ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ২৪ শতাংশে পৌঁছেছে।
তবে মাসভিত্তিক মূল্যস্ফীতি বাড়লেও বার্ষিক গড় মূল্যস্ফীতির হার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬৩ শতাংশে নেমে এসেছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ১৩ শতাংশ।
বিবিএসের পর্যবেক্ষণ অনুযায়ী, বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমছে। তবে মাসিক ভিত্তিতে মূল্যবৃদ্ধির প্রবণতা এখনো উচ্চ পর্যায়েই রয়েছে।
এদিকে, মে মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধির হারও কিছুটা বেড়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ২১ শতাংশে দাঁড়িয়েছে, যা এপ্রিল মাসে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। বিবিএস জানিয়েছে, দেশের ৬৪টি জেলার তথ্যের ভিত্তিতে মজুরি হার সূচকও প্রস্তুত করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!