অর্থনীতি

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৮ শতাংশ

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৪:৫১ এএম
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৮ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসের বেশি সময়ে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ৬ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে ৩৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।

রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি বছরের ৪ থেকে ৬ জুন—এই তিন দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২০ কোটি ৩২ লাখ ডলার। আর জুন মাসের প্রথম ছয় দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ৩৪ লাখ ডলার।

তবে গত বছরের একই সময়ের তুলনায় জুনের শুরুতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম। ২০২৫ সালের জুনের প্রথম ছয় দিনে দেশে এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। তা সত্ত্বেও পুরো অর্থবছরজুড়ে প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অর্থনীতিবিদেরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আমদানি ব্যয় পরিশোধ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও এটি সহায়ক।

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স দীর্ঘদিন ধরেই অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের লাখো পরিবার তাদের জীবিকা নির্বাহে প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের অর্থনীতিকে সহনশীল রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!