বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কা এবং মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ ফলনের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৯.০৯ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার সোনার দাম প্রায় ৩ শতাংশ পড়ে যায়, যা গত ২৪ মার্চের পর সর্বনিম্ন।
আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৪৩.২০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ওয়ান্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, বাজার এখন ফেডের আরও কঠোর অবস্থান বিবেচনায় নিচ্ছে। একই সঙ্গে ট্রেজারি বন্ডের উচ্চ ফলন সোনার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন সাম্প্রতিক সেশনে দুই সপ্তাহের সর্বোচ্চে পৌঁছে আরও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধারণের সুযোগ ব্যয় বেড়েছে বলে বিশ্লেষকদের অভিমত। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার খবরে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।
বাজারের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে ফেড সুদের হার বাড়াতে পারে। বর্তমানে ডিসেম্বরের মধ্যে হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৭২ শতাংশ বলে বাজারে মূল্যায়ন করা হচ্ছে।
অন্যদিকে স্পট সিলভার প্রতি আউন্স ৬৭.৮৬ ডলারে অপরিবর্তিত রয়েছে। প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১,৭৬৭.৪২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১,২২৫.৬৭ ডলারে স্থির রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!