প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘোষণার আগের দিন দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
আজ বুধবার (১০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায় বিক্রি হবে।
একই সঙ্গে রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২ টাকায় বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম কমার প্রভাবে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। এদিকে আগামী বাজেটে সোনা–স্বর্ণালংকারের ওপর ভ্যাট কাঠামোয় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ রয়েছে। নতুন বাজেটে এটি পরিবর্তন করে প্রতি ভরিতে নির্দিষ্ট অঙ্ক নির্ধারণের প্রস্তাব আসতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!