চীনের বাইরে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) চালু করেছে ভারতের নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি স্টোরেজ সিস্টেম।
প্রকল্পটির মোট সক্ষমতা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭০ মেগাওয়াট-আওয়ার। সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত শক্তি সংরক্ষণ করে এই ব্যাটারি সিস্টেম সূর্যের আলো না থাকলেও চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হবে।
বুধবার (১০ জুন) এক বার্তায় এ তথ্য জানায় আদানি গ্রিন এনার্জি। প্রতিষ্ঠানটি জানায়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার গুরুত্বও দিন দিন বাড়ছে, যাতে দিনে উৎপাদিত বিদ্যুৎ রাতেও ব্যবহার করা যায়।
এর আগে ভারতের গুজরাটের খাভডা অঞ্চলে ২ হাজার মেগাওয়াট-আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি স্টোরেজ সিস্টেম চালু করেছিল প্রতিষ্ঠানটি। নতুন ১ হাজার ৩৭০ মেগাওয়াট-আওয়ার যুক্ত হওয়ায় মোট সক্ষমতা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭০ মেগাওয়াট-আওয়ারে।
মাত্র ১০ মাসে প্রকল্পটির নির্মাণ শেষ করা হয়েছে, যা বৈশ্বিক পর্যায়ে ব্যাটারি স্টোরেজ অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আদানি গ্রিন এনার্জি জানিয়েছে, এই প্রকল্প বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা বাড়াবে এবং নবায়নযোগ্য জ্বালানিকে ২৪ ঘণ্টা ব্যবহারযোগ্য করে তুলতে সহায়তা করবে। আগামী ২০২৭ অর্থবছরে এর সক্ষমতা ১০ হাজার মেগাওয়াট-আওয়ার এবং পরবর্তী পাঁচ বছরে ৫০ হাজার মেগাওয়াট-আওয়ারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
আদানি গ্রিন এনার্জির নির্বাহী পরিচালক সাগর আদানি বলেন, নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণের সঙ্গে নির্ভরযোগ্য ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা অপরিহার্য হয়ে উঠেছে। এই প্রকল্প পরিচ্ছন্ন ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী করবে।
No comments yet. Be the first to comment!