অর্থনীতি

সাধারণ মানুষকে অর্থনীতির মূলধারায় আনাই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

আপডেট: জুন ১২, ২০২৬ : ০৪:৫৩ এএম
সাধারণ মানুষকে অর্থনীতির মূলধারায় আনাই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের সাধারণ জনগণকে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। সম্পদের সুষম বণ্টনের অভাবই এ বৈষম্যের অন্যতম কারণ।

তিনি বলেন, ‘সংবিধানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ দারিদ্র্য বিমোচনে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতি দারিদ্র্যের হার দ্রুত কমিয়ে আনতে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে সংবিধানের ১৫ অনুচ্ছেদের (ঘ) অনুসরণ করে সামাজিক নিরাপত্তা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে হবে। সে লক্ষ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ দেশের দারিদ্র্য কমাতে এবং বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!