২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। চাল, ডাল, পেঁয়াজ, রসুনসহ অধিকাংশ পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। তবে গত এক সপ্তাহে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৫ টাকা বেড়েছে, যা নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজার ও মেরুল বাড্ডা পাঁচতলা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মসুর ডাল ১০০ থেকে ১৬০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ১৫০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রায় ২০০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, তেলের মূল্যবৃদ্ধি বাজেট ঘোষণার আগেই হয়েছে এবং এর সঙ্গে বাজেটের সরাসরি কোনো সম্পর্ক নেই।
মধ্য বাড্ডা কাঁচাবাজারের মুদি ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, “বাজেটের পর বাজারে এখনো কোনো প্রভাব দেখা যায়নি। বেশিরভাগ পণ্যের দাম আগের মতোই রয়েছে। শুধু সয়াবিন তেলের দাম কোম্পানি বাড়িয়েছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
একই বাজারের বিক্রেতা শাহীন মিয়া বলেন, “নতুন চালানে তেল বেশি দামে এসেছে। কেন দাম বেড়েছে তা আমরা জানি না। কোম্পানি যে দামে দিচ্ছে, সে অনুযায়ী বিক্রি করছি।”
তেলের দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারাও। মেরুল বাড্ডার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “তেল প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য। কয়েক টাকা বাড়লেও মাস শেষে সংসারের খরচে বড় প্রভাব পড়ে।”
আরেক ক্রেতা সাবিনা ইয়াসমিন বলেন, “অন্যান্য পণ্যের দাম স্থির থাকলেও তেলের দাম বারবার বাড়ছে। এতে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। বাজারে আরও কার্যকর নজরদারি প্রয়োজন।”
বাজারসংশ্লিষ্টদের মতে, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত নিত্যপণ্যের বাজারে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। তবে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি, ডিম ও মাছের দামেও তেমন পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ৩৪০ টাকা এবং ডজনপ্রতি ডিম ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও আগের দামের ধারাবাহিকতা বজায় রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
ব্যবসায়ীরা বলছেন, প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রভাব এখনো বাজারে পড়েনি। তবে আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হয়, সেদিকে নজর রাখছেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!