টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে টানা চার দফা সমন্বয়ে সোনার দাম কমানো হয়। ২ জুন, ৬ জুন, ১০ জুন এবং ১১ জানুয়ারি দফায় দফায় এসব সমন্বয়ে মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমানো হয়েছিল।
নতুন দরের ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!