প্রস্তাবিত বাজেটকে দেশের সব নাগরিকের জন্য যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর যৌথ আয়োজনে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেটের প্রতিটি উপাদানই একটি নির্দিষ্ট নীতিগত অবস্থানকে প্রতিফলিত করে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়েই এসব নীতি প্রণয়ন করা হয়েছে এবং বাস্তবায়নের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি। দেশের প্রতিটি নাগরিককে এই অর্থনৈতিক কাঠামোর মধ্যে কীভাবে আনা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যেসব জনগোষ্ঠী অর্থনৈতিক মূলধারার বাইরে ছিলেন, তাদের অন্তর্ভুক্ত করাই এখন মূল লক্ষ্য। আর্থিক অন্তর্ভুক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ কারিগর, নাট্যশিল্পী, সংগীতশিল্পী, ডিজাইনার ও চিত্রশিল্পীদের মতো সৃজনশীল পেশার মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে যুক্ত করার সুযোগ তৈরি করা প্রয়োজন। তাদের উৎপাদিত পণ্য ও সেবাকে মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সৃজনশীল অর্থনীতিকে কাজে লাগিয়ে বড় অঙ্কের আয় করছে। বাংলাদেশও এই খাতে সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!