অর্থনীতি

৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়ের পথে এনবিআর

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৫:১৬ এএম
৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়ের পথে এনবিআর

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বড় ধরনের লক্ষ্যমাত্রা ঘাটতির মুখে পড়তে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৮ হাজার কোটি টাকা ঘাটতি থাকলেও এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড গড়তে যাচ্ছে সংস্থাটি।

এনবিআর সূত্রে জানা গেছে, অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় দাঁড়াতে পারে প্রায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, যা এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ আদায় হিসেবে বিবেচিত হবে। তবে এই অর্জনও সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি হিসেবেই থেকে যাবে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানিয়েছেন, জুন মাসের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এতে চলতি অর্থবছরের মোট আদায় দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকার বেশি, যা ইতোমধ্যে গত অর্থবছরের পুরো বছরের আদায় অতিক্রম করেছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, জুনের বাকি দিনগুলোতে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায় হতে পারে। এতে মোট আদায় দাঁড়াবে প্রায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৩ হাজার কোটি টাকা বেশি।

তবে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। সে হিসাবে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৮৮ হাজার কোটি টাকা। প্রথম ১১ মাসে (মে পর্যন্ত) ঘাটতির পরিমাণ ছিল ৮১ হাজার ৪৪২ কোটি টাকা।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কাস্টমস, ভ্যাট ও আয়কর—সব খাতেই প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার সঙ্গে ব্যবধান কমেনি। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে মোট রাজস্ব আদায় হয় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব বাড়াতে কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগে পৃথক টাস্কফোর্স গঠন, অডিট কার্যক্রম জোরদার এবং উচ্চ ঝুঁকিপূর্ণ করদাতাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এর ফলে আদায়ের গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সিপিডির বিশ্লেষণে বলা হয়েছে, সামগ্রিক প্রবৃদ্ধির তুলনায় লক্ষ্যমাত্রা অনেক বেশি নির্ধারণের কারণে বড় ঘাটতি তৈরি হয়েছে। তাদের মতে, চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার কোটি টাকার বেশি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, রেকর্ড পরিমাণ আদায় হলেও রাজস্ব কাঠামোগত দুর্বলতা এবং উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণের কারণে ঘাটতির চাপ অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আগামী অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা থাকায় চ্যালেঞ্জ আরও কঠিন হবে বলেও তারা সতর্ক করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!