অর্থনীতি

শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৫:১৯ এএম
শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

শেয়ারবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাব্বির ফয়েজ। তিনি বিচারক আফিয়া বেগমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার (২১ জুন) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনরত মো. সাব্বির ফয়েজকে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

সূত্র জানায়, আগামী ২৪ জুন থেকে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ভবনে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি তিন বছরের জন্য এ আদালতে বিচারিক দায়িত্ব পালন করবেন।

এদিকে বর্তমান বিচারক আফিয়া বেগমকে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর বিনিয়োগকারীদের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ২১ জুন থেকে এর কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিচারক এ ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করে আসছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!