চলতি জুন মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১২১ কোটি ৮৮ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা ছিল গত কয়েক মাসের মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রবাহ। এপ্রিল ও মার্চ মাসে যথাক্রমে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে। মার্চ মাসের প্রবাসী আয় ছিল চলতি অর্থবছরের একক মাসের সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে এসেছে প্রায় ৩ হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স, যা এখন পর্যন্ত এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাতে সহায়ক হচ্ছে, তবে টেকসই প্রবৃদ্ধির জন্য কর্মসংস্থান ও বৈধ চ্যানেলে অর্থ প্রেরণ আরও বাড়ানো প্রয়োজন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!