অর্থনীতি

সূচকের ঊর্ধ্বগতিতে চাঙা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন ৮২৮ কোটি টাকা

আপডেট: জুন ২৪, ২০২৬ : ০৬:০০ এএম
সূচকের ঊর্ধ্বগতিতে চাঙা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন ৮২৮ কোটি টাকা

সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে মঙ্গলবার লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৫ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করছে। একই সঙ্গে বেড়েছে ডিএসই–৩০ ও শরিয়াহ সূচকও।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনভর ২ লাখ ৬ হাজার ৩৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৯৫টি কোম্পানি ও সিকিউরিটিজের ২৪ কোটি ৫৩ লাখের বেশি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার বেশি।

লেনদেন শেষে ডিএসই–৩০ সূচক ১৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৭ দশমিক ৩৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে।

দিনের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৯টির শেয়ারদর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা। এ ছাড়া আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনসিসি ব্যাংক ও বিডি থাই উল্লেখযোগ্য লেনদেন করেছে।

দর বৃদ্ধির তালিকায় এগিয়ে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি, এসআরপি ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, গ্লোবাল ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স।

অন্যদিকে দর পতনের তালিকায় ছিল বেক্সিমকো লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, পিএইচপি মিউচুয়াল ফান্ড–১, সিএনএ টেক্সটাইলস, ন্যাশনাল ফিডস, এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিক ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

ক্যাটাগরিভিত্তিক হিসাবে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ২৫টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল।

‘জেড’ ক্যাটাগরির ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টির শেয়ারদর বেড়েছে, ১৯টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে এদিন কোনো প্রতিষ্ঠানের লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টি ইস্যুর মধ্যে ১২টির দর বেড়েছে, ৮টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। কর্পোরেট বন্ড খাতের ৩টি ইস্যুর মধ্যে একটির দর বেড়েছে এবং দুটির কমেছে। আর সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতের ৫টি ইস্যুর মধ্যে ৪টির দর বেড়েছে, একটির দর কমেছে।

বাজার–সংশ্লিষ্টদের মতে, সূচকের ইতিবাচক প্রবণতা ও লেনদেন বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের আস্থার কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!