অর্থনীতি

বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৬:৩৬ এএম
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ারবাজার

অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার জন্য আগামীকাল বুধবার (১ জুলাই) সারা দেশে পালিত হবে ‘ব্যাংক হলিডে’। এদিন সব তফসিলি ব্যাংকে গ্রাহকসেবা ও আর্থিক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাই ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার সুবিধার্থে দিনটি ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

ব্যাংক হলিডেতে কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। পাশাপাশি চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ নিয়মিত ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে কেবল প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক বন্ধ থাকায় বুধবার লেনদেন হবে না দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে শেয়ারবাজারের আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ায় এদিন পুঁজিবাজারও বন্ধ রাখা হয়।

বাংলাদেশে প্রতিবছর দুটি ব্যাংক হলিডে পালিত হয়। এর একটি ১ জুলাই, অর্ধবার্ষিক হিসাব প্রস্তুতের জন্য। অন্যটি ৩১ ডিসেম্বর, বার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করার উদ্দেশ্যে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!