অর্থনীতি

সরকারি মজুত বাড়াতে ২ লাখ ৭০ হাজার টন গম আমদানির অনুমোদন

আপডেট: জুলা ০২, ২০২৬ : ০৪:৩৪ এএম
সরকারি মজুত বাড়াতে ২ লাখ ৭০ হাজার টন গম আমদানির অনুমোদন

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কেনা হবে।

বুধবার রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মোট সাতটি ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫–২৬ অর্থবছরের প্যাকেজ-৩-এর আওতায় ৫০ হাজার (৫ শতাংশ কমবেশি) মেট্রিক টন গম কেনা হবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এ গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ টাকা।

এ ছাড়া সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এ আমদানিতে সরকারের সম্ভাব্য ব্যয় হবে প্রায় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে খাদ্যশস্যের কৌশলগত মজুত বজায় রাখা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এসব গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!